‘এপিটাফ’ লিখেছেন শক্তি চট্টোপাধ্যায়। এই কাব্যগ্রন্থের শেষ কবিতায় তিনি লিখেছেন স্মৃতিফলকে উৎকীর্ণ করার জন্য কয়েকটি করুণরঙিন পঙ্ক্তি যা আর্দ্র ও সজল করে তুলবে পাঠকের চোখ।
পত্র-পত্রিকায় সম্পূর্ণ অমুদ্রিত ‘এপিটাফ’ নামের অসামান্য কবিতাটিতেই শুধু নয়, এই কাব্যগ্রন্থের বহু কবিতাতেই বিধৃত এক মৃত্যুচেতনা। এই গ্রন্থেরই নাম-কবিতায় তিনি শুনিয়েছেন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা যখন চাঁদ এবং চিতাকাঠ তাঁকে ‘আয় আয়’ বলে হাতছানি দেয়। এই চেতনাই শেষ কথা নয়, এ-ছাড়াও রয়েছে এক গার্হস্থ্য পিছুটান যা তাঁকে দিয়ে বলিয়ে নেয়, ‘‘যেতে পারি/যে-কোনো দিকেই আমি চলে যেতে পারি/কিন্তু কেন যাবো?/সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো।’’ তিনি জানেন, ‘‘ভাঙারও নিজস্ব এক ছন্দ আছে, রীতিপ্রথা আছে’’, জানেন, “অপরূপভাবে ভাঙা গড়ার চেয়েও মূল্যবান কখনো-সখনো।’’
সেই অপরূপ ভাঙাগড়ারই কিছু অনবদ্য নিদর্শন নিয়েই সুনীল শীলের প্রচ্ছদে, শক্তি চট্টোপাধ্যায়ের এই কাব্যগ্রন্থ।








Reviews
There are no reviews yet